‘বিশ্বকাপের সবচেয়ে দামি খেলোয়াড়’
স্পোর্টস রিপোর্টার
সাকিব আল হাসান সম্পর্কে বলতে গিয়ে আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, তর্কসাপেক্ষে এবারের বিশ্বকাপের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন সাকিব। আর এই সাকিবকেই ‘অটোমেটিক এন্ট্রি’ হিসেবে বিশ্বকাপ দলে নিয়েছে আইসিসি। এই প্রথম বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার আইসিসির বিশ্বকাপ একাদশে ঠাঁই পেলেন।
আইসিসির বিশ্বকাপ একাদশে ইংল্যান্ডের দাপটটা সবচেয়ে বেশি। তাদের ৪ জন ক্রিকেটার ঠাঁই পেয়েছেন এই একাদশে—জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও জোফরা আর্চার। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত থেকে আছেন দুজন ক্রিকেটার। আর বাকি একজন বাংলাদেশ থেকে।
আইসিসির এই বিশ্ব একাদশে ওপেনার দুজন হলেন- রোহিত শর্মা ও জেসন রয়। ৫টি সেঞ্চুরিসহ ৬৪৮ রান করে রোহিত এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে ৭ ইনিংসে ৪৪৩ রান করা জেসন রয় ছিলেন ইংল্যান্ডের অন্যতম নায়ক। তার অনুপস্থিতির ম্যাচগুলোতে ভুগেছে ইংল্যান্ড।
তিন নম্বরে আছেন টুর্নামেন্ট জুড়ে ক্ষুরধার অধিনায়কত্ব করা ও ৫৭৮ রান করা কেন উইলিয়ামসন। তাকেই দলের অধিনায়কত্ব দিয়েছে আইসিসি। চার নম্বরে আছেন ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান জো রুট। আর পাঁচ নম্বরে সাকিব আল হাসান।
সাকিব সম্পর্কে বলতে গিয়ে আইসিসি বলেছে, ‘বাংলাদেশের বিশ্বকাপে মশালবাহক ছিলেন সাকিব। তিনি সেরা একাদশে অটোমেটিক ঢুকে গেছেন। তর্কসাপেক্ষে এবারের বিশ্বকাপের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। সাকিব ব্যাট ও বল হাতে সমান ভূমিকা রেখে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে পাঁচ শতাধিক রান ও দশের বেশি উইকেট পেয়েছেন।’
ছয় নম্বরে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ফাইনালের ম্যাচসেরা এই ক্রিকেটার টুর্নামেন্ট জুড়েই অসাধারণ চাপ সামলেছেন। সাত ও আট নম্বরে দুজন অস্ট্রেলিয়ান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে এসেছেন অ্যালেক্স ক্যারি। আর ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়া স্টার্ক। বাকি তিন বোলার হলেন- লকি ফার্গুসন, জোফরা আর্চার ও জসপ্রিত বুমরাহ। দ্বাদশ ব্যক্তি হলেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
আইসিসির বিশ্বকাপ একাদশ
১. রোহিত শর্মা (ভারত)। ২. জেসন রয় (ইংল্যান্ড)। ৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) [অধিনায়ক]। ৪. জো রুট (ইংল্যান্ড)। ৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)। ৬. বেন স্টোকস (ইংল্যান্ড)। ৭. অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)। ৮. মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া)। ৯. জোফরা আর্চার (ইংল্যান্ড)। ১০. লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)। ১১. জসপ্রিত বুমরাহ (ভারত)।
দ্বাদশ ব্যক্তি: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।