ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উভয় গেটে তালা ঝুলিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভবনের ভেতরে ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ইবির স্বাধীনতা রক্ষা করো, ইবির স্বতন্ত্রতা রক্ষা করো, করতে হবে, গুচ্ছের ভোগান্তি, আর না আর না’ প্রভৃতি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, ইবির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি নেওয়ার ফলে দীর্ঘ সেশনজটসহ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। আমরা চাই ইবি নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে তার স্বকীয়তা বজায় রাখবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এ সময় তিনি আগামীকাল (রবিবার) উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর প্রশাসন ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের দাবি যা, আমাদের দাবিও একই। আমরা বিষয়টি অবগত আছি। উপাচার্য আসার পর সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ভাইস চ্যান্সেলর মহোদয় এখন ক্যাম্পাসে নেই। তিনি আজকে আসবেন এবং আগামীকাল বিকেল ৩ টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন। সবার সঙ্গে বসে আমরা গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।