সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে সরকারি বরাদ্দে নির্মাণের সপ্তাহখানেক যেতে না যেতেই ভেঙে পড়েছে ড্রেনের কিছু অংশ। উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষণপুর এলাকায় ঐ ড্রেন নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ অতি নিম্নমানের কাজের কারণে এমনটি ঘটেছে।
এলাকার মো. আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, আগের ড্রেনের ইটগুলো দিয়ে ড্রেনটি নির্মাণ করা হয়। এছাড়াও পুরাতন ইটগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়নি। ব্যবহার করা হয়নি নির্দিষ্ট পরিমাণে সিমেন্ট এবং বালুও। আমরা সে সময় ভালোভাবে কাজ করার জন্য বলেছিলাম। কিন্তু সংশ্লিষ্টরা আমাদের কথায় কোনো গুরুত্ব দেয়নি। মূলত তড়িঘড়ি এবং সঠিকভাবে কাজ না করায় এমনটি হয়েছে।
অপর এলাকাবাসী সাজ্জাদ জানান, এমন ড্রেন নির্মাণ করল যে নির্মাণের পর পরই তা ভেঙে পড়েছে। সরকারি কাজ এমন নিম্নমানের হয় তা আগে কখনো দেখিনি।
বাঙ্গালীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য ও পিআইসির সভাপতি শ্রী অজিত চন্দ্র রায় নির্মিত ড্রেনের কিছু অংশ ভেঙে পড়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি নিম্নমানের কাজ করার কথা অস্বীকার করে বলেন, ড্রেন নির্মাণের দিন থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। আর ড্রেনের মুখ বন্ধ থাকায় ড্রেনে জমাকৃত পানির চাপে কিছুটা অংশ ভেঙে যায়। তবে ভাঙা অংশ মেরামত করা হবে বলে জানান তিনি।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।