জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচারব্যবস্থা

দুই বছরে ১৪০০ মামলা নিষ্পত্তি

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচারব্যবস্থা। বাংলাদেশ সরকার ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে দেশের ২৭টি জেলার ১২৮টি উপজেলায় ১০৮০টি ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়)প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গত দুই বছরে বদলগাছীতে ১৪০৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মো. আইয়ুব আলী বলেন, ইএসডিও এর মধ্যে ২৭টি জেলায় ঐ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলার আটটি ইউনিয়নে ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত দুই বছরে মোট ১৪৫৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৪০৫টি মামলা নিষ্পত্তি করা হয়।

বর্তমানে ৫১টি মামলা বিচারধীন রয়েছে। উপজেলার পাহাড়পুর ইউপির বামনপাড়া গ্রামের মাজেদা বেগম জানান, ফৌজদারি মামলায় এক মাসেই সুষ্ঠু বিচারের মাধ্যমে সমস্যা মিটিয়ে দিয়েছে গ্রাম আদালত। সদর ইউপির গোরশাহী গ্রামের দূবী রানি বলেন, টাকা ধার নিয়ে না দেওয়ায় বিচার পেয়েছি।

সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আলী বেগ বলেন, উপজেলার আটটি ইউনিয়নে গ্রাম আদালতের বিচারে এলাকার মানুষ দিন দিন নির্ভরশীল ও জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাম আদালতের বিচারব্যবস্থার মাধ্যমে অনেক সমস্যা নিরসন হচ্ছে বলে তিনি জানান।