ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল সোমবার পৃথক দুটি হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার মৃত আওলাদ মিয়ার ছেলে মহররম আলী, থলিয়ারা এলাকার আলাউদ্দিনের ছেলে মো. আলমগীর ও বিজয়নগর উপজেলার বাগদিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে আব্দুল কাদির এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা এলাকার সোনা মিয়ার ছেলে মোমেন প্রকাশ মোমিন, আব্দুর রহমানের ছেলে সুমন ও সহিদুল হকের ছেলে ফাহাদ মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ২১ এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের রফিক চৌধুরীর ছেলে সোহরাব চৌধুরী বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর কোনো খোঁজ মিলেনি। এ ঘটনায় তার চাচাতো ভাই সাচ্চু চৌধুরী বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর কিছুদিন পর স্থানীয় বুল্লা-টানপাড়া সড়কের একটি সেতুর নিচ থেকে সোহরাবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরে পর নিহত সোহরাবের মুঠোফোন ট্র্যাকের মাধ্যমে আসামি মহররম আলীকে শনাক্ত করে আটকের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আলমগীর ও কাদিরের নাম জানায়।

আদালত সূত্রে আরো জানা গেছে, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ২০১১ সালের ২৯ জুন বিকেলে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার জালাল মিয়ার ছেলে প্রবাসী তুষার মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহতের মামা সাজ্জাদ মাহমুদ বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত আসামি মোমেন, সুমন ও ফাহাদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।