১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন না ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই টেস্টে এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে অবসর নেওয়ার সিদ্ধান্তের ভার রোহিত-কোহলির ওপর ছেড়ে দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে ৩-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন গম্ভীর। এ সময় রোহিত-কোহলি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটি তাদের ওপর নির্ভর করে। আমি শুধু এটুকু বলতে পারি– তাদের (রোহিত-কোহলি) এখনও জয়ের ক্ষুধা আছে, খেলার প্রতিও তারা যথেষ্ট আবেগী। তারা শক্ত মানুষ। আশা করি তারা এমন মানসিকতা ধরে রাখবে। কিন্তু আমরা সবাই জানি তারা যে পরিকল্পনা–ই করবে, সেটি হবে দলের জন্য উত্তম।’
বাজে ফর্মের কারণে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত। এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘এ প্রসঙ্গে অনেক প্রতিবেদন হয়েছে, অনেক কথা বলা হচ্ছে। অন্তত আমাদের এক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া দরকার ছিল। যদি কোনো অধিনায়ক কিংবা কোনো নেতা যদি দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়, তাতে আমি ভুল কিছু দেখি না। তবুও বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টাই এমন যে, এখানে দলই সবকিছুর ঊর্ধ্বে, দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
দলের প্রতিটি খেলোয়াড়কে সমান চোখে দেখার কথা উল্লেখ করে ভারতের কোচ বলেন, ‘প্রত্যেকেই তার নিজের কাজটা জানে এবং পেশা হিসেবে এখানে ভালো করতে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যায়। তাই এটি আমার কিংবা আপনার দল নয়, দেশের দল। আমাদের ড্রেসিংরুমে অনেক সৎ ক্রিকেটার আছে যাদের ভালো করার ক্ষুধা আছে এবং সেটি মাথায় রেখে দলের জন্য অবদান রাখতে চায়। এক্ষেত্রে আমি নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখি না। কারও অভিষেক হচ্ছে, কেউবা ১০০ টেস্ট খেলে ফেলেছে ইতোমধ্যে, সবার প্রতিই আমার দৃষ্টি সমান।’