মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ার গুলিসাখালী সোনাপাড়া গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাত তিনটার দিকে সশস্ত্র ডাকাতরা দুই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, ১৪-১৫ জনের একদল মুখোশ পরা সশস্ত্র ডাকাত ঐ গ্রামে হানা দেয়। তারা প্রথমে মুক্তিযোদ্ধা ও সাবেক বিজিবির সুবেদার আ. মন্নানের ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা এবং মূল্যবান মালামাল লুট করে। এরপর একই কায়দায় পার্শ্ববর্তী বেবি নাসরিনের বাড়ির ঘরে ঢুকে। সেখানেও ঘরের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, দুইটি মোবাইল ফোনসেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।