ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলা পুলিশ লাইনে অনুষ্ঠিত স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে সোমবার ভোলার আরো আটজন মাদকসেবী আত্মসমর্পণ করেছে। এ সময় এদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পুলিশের আয়োজনে ভোলা পুলিশ লাইনসের ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ইতিমধ্যে ভোলায় ১৩৮ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, গত দেড় বছরে বরিশাল বিভাগে ১ হাজার ২০০ ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এরমধ্যে ৩০০ জন নিরাময় কেন্দ্র থেকে চিকিত্সা নিয়ে সুস্থ হয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গোলদার প্রমুখ।