দুর্গাপুরে ‘ফরস্টার ক্লিনিক’ মালিককে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে অনুমোদনবিহীন ‘ফরস্টার ক্লিনিক’ মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে দুর্গাপুর উপজেলার শেষ ও বাগমারার তাহেরপুর সংলগ্ন গোপালপাড়া গ্রামে ‘ফরস্টার ক্লিনিকে’ অভিযান পরিচালনা করে ঐ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী গ্রাম গোপালপাড়ায় ব্যবসায়ী মিজানুর রহমান অনুমোদন ছাড়াই ‘ফরস্টার ক্লিনিক’ খুলে ব্যবসা চালিয়ে আসছিলেন। ঐদিন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার ‘ফরস্টার ক্লিনিকে’ অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্লিনিক মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়াও ক্লিনিকটি অনুমোদন না পাওয়া পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত ক্লিনিক মালিক ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান।