হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় নবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন আক্রান্ত হয়েছে। এদিকে বন্যার কারণে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যে নদী তীরবর্তী ঐ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ইনাতগঞ্জ ইউনিয়নের ৪০ শতাংশ এবং ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা আউশকান্দি ইউনিয়নের ২০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। চাল বরাদ্দ দেওয়া হলেও অতিবৃষ্টির কারণে তা বিতরণ করা যায়নি। তবে মঙ্গলবার এসব চাল বিতরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। তিনি জানান, এ উপজেলায় বন্যার কারণে ছয়টি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয় এবং দুটি মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে। সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, সোমবার বেলা ২টায় খোয়াই নদীর পানি বিপত্সীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কুশিয়ারা নদীর পানি বিপত্সীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আশা করা যাচ্ছে রাত থেকে দুই নদীতেই পানি কমতে পারে। তবে কুশিয়ারা নদীর তীরবর্তী হওয়ায় বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের কিছু অংশে পানি প্রবেশ করেছে।