ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে চার জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক সংবাদদাতারা :
বেড়া (পাবনা) :বেড়া উপজেলার নাকালিয়ায় মাঝ যমুনায় রবিবার সন্ধ্যায় বজ্রপাতে নৌকার একজন নিহত ও অপর একজন নিখোঁজ রয়েছেন।
বেড়ার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রশিদ জানান, একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা রাজশাহী থেকে আম ও কলা নিয়ে ঢাকার একটি আড়তে আনলোড করে রাজশাহী ফিরে যাচ্ছিল। ঘটনার সময় নাকালিয়া বাজারের সামনে মাঝ যমুনায় পৌঁছলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নৌকার মাল্লা রাজশাহীর পুঠিয়ার ঈমান আলীর (৫০) মৃত্যু হয়। অপর মাল্লা সাইফুল ইসলাম যমুনা নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আনাম সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়ার সাগরদাড়ি গ্রামে রবিবার সন্ধ্যায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর এক কৃষক। নিহতের নাম আলমাছ (৩২)।
স্থানীয়রা জানান, সাগরদাড়ি গ্রামের পার্শ্ববর্তী মাঠে আলমাছ ও শামীম কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাত দুই কৃষক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা হাসপাতালে নেওয়ার পথে আলমাছ মারা যান।
নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে রবিবার সন্ধ্যায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের জুগিবাড়ী গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে নূর মোহাম্মাদ (৫০) মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, বকশীগঞ্জে সোমবার সকালে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল গনি।
উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে দুই সন্তানের জনক আবদুল গনি বাড়ির বাইরে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।