চট্টগ্রামে সরকারি হিসাবে বন্যায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন

আরো নগদ টাকা ও চাল বরাদ্দ প্রয়োজন

  চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে কয়েক দিনের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাতকানিয়া ও চন্দনাইশে ৯০ শতাংশ ও রাউজান ফটিকছড়ি এলাকায় ৬০ শতাংশ বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় ৪ লাখ ৫৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৬৭২টি সম্পূর্ণ ও ৯ হাজার ৮৫টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে গতকাল সোমবার প্রেরিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ইতিমধ্যে ৫০০ মেট্রিক টন চাল ও নগদ ১৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্য থেকে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ৪৫৬ মেট্রিক টন চাল ও নগদ ১২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪৪ মেট্রিক টন চাল, নগদ ৫০ হাজার টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার মজুত রয়েছে। এই খাতে আরো ১০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ চাওয়া হয়েছে।