ময়মনসিংহে বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে সহোদর বোনকে হত্যার দায়ে ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, জেলার হালুয়াঘাট উপজেলার আকনপাড়ার বাদশা মিয়া তার স্ত্রী, মেয়ে আমেনা খাতুন ও ছেলে মো. রুবেল মিয়াকে নিয়ে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বাদশা মিয়ার স্ত্রী ও মেয়ে গার্মেন্টসে চাকরি করতেন। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিনি কাজ শেষে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় মেয়ের চিত্কার শুনে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই ছেলে তাকে কাচি দিয়ে আঘাত করে। আশপাশের লোকজন ছুটে আসেন এবং ওড়না দিয়ে হাত-পা বাঁধা গলা কাটা অবস্থায় আমেনাকে দেখে রুবেলকে আটক করে পুলিশে দেয়। স্থানীয়দের সহায়তায় আমেনাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বাদশা মিয়া বাদী হয়ে ভালুকা থানায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।