এবারের বিপিএলে চলছে রানের বন্যা। ঢাকার পর গতকাল সিলেটেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। তবে ব্যতিক্রম দেখা গেল ঢাকা ক্যাপিটালসের ম্যাচে। বড় ইনিংস খেলতে পারেননি ঢাকার কোনো ব্যাটার। ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয়কে উড়িয়ে এনেও সুবিধা করতে পারেনি শাকিব খানের দল। রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে ঢাকা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এ দিন ওপেনিং পরিবর্তন আনে ঢাকা। জেসন রয়ের সঙ্গে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান। ভালো শুরুর আভাস দিয়েও ক্রিজে থিতু হতে পারেননি তারা।
সোহান ১২ বলে ১৪ ও রয় ১২ বলে ১৮ রান করে ফিরে যান। এরপর তানজিদ হাসান তামিমের ভালো কিছুর আভাস দিয়েও ২০ রানে ফিরে যান। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি লিটন দাস। ১৩ বলে মাত্র ৯ রান করে ফিরে যান।
তিন ম্যাচ পর ঢাকার একাদশে সুযোগ পান সাব্বির রহমান। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ৭ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬ ওভার ৩ বলে ১১১ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের পক্ষে নাহিদ রানা নেন ৩টি উইকেট।