পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ বাজার এলাকায় ইউপি চেয়ারম্যান আবু সাইদ ও সুলতান খাঁ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুই জন সুলতান গ্রুপের সমর্থক। নিহতরা হলেন, সুলতান খাঁর বাবা লস্কর খাঁ (৬৫) এবং একই গ্রামের আহেদ আলী শেখের ছেলে মালেক শেখ (৪৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবু সাইদ ও জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দেয়া সুলতান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ আহত হয়েছে। গুরুতর আহত চার জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক দুই জনকে মৃত বলে জানান। আহত দুই নারী পিয়া খাতুন (৩৫) ও হালিমা খাতুনকে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বলেন, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এসব কর্মকা্ল করছে। সুলতান খাঁ’র সাথে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।