স্কুল-মাদ্রাসায় বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

ইত্তেফাক রিপোর্ট

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সাল থেকে সকল বিদ্যালয় ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কারিগরি বিষয়ে  প্রাথমিক ধারণা দেওয়া হবে এবং নবম-দশম শ্রেণিতে একটি বিষয়ে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণ করতে হবে। গতকাল সোমবার বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। স্বাগত বক্তব্য দেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন।  সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর ২২ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করে; কিন্তু কর্মসংস্থানের জন্য যে পরিমাণ দক্ষতা দরকার তা তাদের  নেই। ফলে অধিকাংশই দক্ষতা নিয়ে কর্মবাজারে বা শ্রমবাজারে প্রবেশ করে না। কাজেই তাদের কর্মসংস্থান ঠিকমতো হয় না। আর দেশের যে পরিমাণ উত্পাদনশীলতা থাকার কথা, অভীষ্ট লক্ষ্য অর্জনে যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেই কাজটিও ব্যাহত হচ্ছে। তাই জনসংখ্যাকে  দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২৩ সালের মধ্যে দেড় কোটি তরুণের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই প্রয়োজনীয়তার অনুভব থেকেই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। দেশে সাধারণ বিদ্যালয়গুলোতেও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী বছর থেকে ৬৪০টি বিদ্যালয় কারিগরি শিক্ষার অন্তর্ভুক্ত হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, কর্মসংস্থানের জন্য শিক্ষিতসহ সকল যুবসমাজই অন্তর্ভুক্ত। এই শিক্ষিত যুবকের শিক্ষা কোনো কাজে লাগে না যদি বিশেষ কোনো দক্ষতা না থাকে। কোনো শ্রমিক যদি বিশেষ দক্ষতা অর্জন না করে বিদেশে যায় তাহলে তারা বিদেশে ভালো মূল্য পায় না। যদি বেতন বেশি পেতে হয় সেই ক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণ নিয়েই তা অর্জন করতে হয় । কারণ আজকের দিনে অদক্ষ কর্মীর মূল্য নেই। বিদেশে যারা যাবে তাদের দক্ষ হয়ে যেতে হবে। সরকার দক্ষ  জনশক্তি গড়ে তুলতে  প্রতি উপজেলায় একটি করে প্রশিক্ষণ প্রতিষ্ঠান  স্থাপন করা হবে।  

সভাপতির বক্তৃতায় সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে । দেশের ব্যাপক অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী বিশ্বে সফল রাষ্ট্রনায়ক হিসাবে পরিচিতি লাভ করেছেন। বিগত দশ বছরে দেশের অর্থনীতির ব্যাপক উন্নতি হয়েছে। 

উল্লেখ্য, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় গতকাল  ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয় । প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এ উপলক্ষে  শোভাযাত্রা  ও  আলোচনা সভার  আয়োজন করে । জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে  বের হওয়া শোভাযাত্রায়  নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়, সুসংহত, মাননির্ধারণ, স্টান্ডার্ড তৈরি, অ্যাসেসমেন্ট ও জাতীয় পর্যায়ের সনদায়ন, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি, শিল্প সংযুক্তি, প্রশিক্ষক তৈরিসহ দেশে বিদেশে সনদের গ্রহণযোগ্যতা নিয়ে কাজ করবে।