ডিসিদের উদ্দেশে বিদ্যুত্ প্রতিমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত শিল্পায়ন দরকার। অর্থনৈতিক অঞ্চল বা নির্ধারিত স্থান ছাড়া শিল্প-কারখানা স্থাপনায় আর কোনো গ্যাস-বিদ্যুত্ সংযোগ দেওয়া হবে না। তাই এখন থেকে জেলা প্রশাসকরা পরিকল্পিত এলাকা বাদে শিল্প-কল-কারখানা স্থাপন বা স্থাপনের অনুমোদন অথবা প্রস্তাব দিবেন না। গতকাল সোমবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন-২০১৯ এ জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বালু মহল বা খনিজবালু উত্তোলনে ইজারা দেওয়া এবং স্থান নির্ধারণে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবেশ সুরক্ষা আমাদের অগ্রাধিকার। পর্যায়ক্রমে পাথর কোয়ারি ইজারা বা লাইসেন্স প্রদান বন্ধ করে দেওয়া হবে।
নসরুল হামিদ বলেন, প্রিপেইড মিটার নিয়ে পল্লীবিদ্যুত্ এলাকায় কিছু সমস্যা রয়েছে। আধুনিক স্মার্ট প্রি-পেমেন্ট মিটার এবং পরিকল্পিত লোড ম্যানেজমেন্ট এসব সমস্যা সমাধান করবে। বর্জ্য ব্যবস্থাপনায় জেলা প্রশাসকগণ আরো দায়িত্বশীল অবদান রাখতে পারে।
এ সময় বিদ্যুত্ এবং জ্বালানি বিষয়ে জেলা প্রশাসকদের নানা প্রশ্নের উত্তর দেন বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম।