পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম বকুলকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রফিকুল ইসলাম বকুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে, গত ৭ জানুয়ারি জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম বকুলকে আহ্বায়ক এবং মো. ওলিউল্লাহকে সদস্যসচিব করে জিয়া সাইবার ফোর্সের পাবিপ্রবি শাখার ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী পদ পায়। কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বকুল বলেন, ‘আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তাতে ওরা যে ছাত্রলীগ করত, সেই রকম কোনো তথ্য পাইনি। আর আশিকের বিষয় হলো ও আমার এলাকারই, ওর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ক্যাম্পাসে হলে থাকার জন্য ও হয়তো এত দিন কৌশল অবলম্বন করেছে।’
রফিকুল ইসলাম বকুলের এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ তাকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় ছাত্রদল।