হিমাচলে ভবনধসে ১৩ সেনাসহ নিহত ১৪

ভারতের হিমাচল প্রদেশে একটি বহুতল ভবন ধসে ১৩ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আটকা পড়েছেন বলে জানা গেছে। রবিবার বিকালে শিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সোলানে এ  ঘটনাটি ঘটেছে। খবর দ্য হিন্দু ও এনডিটিভির

ভবনটির ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২ জন বেসামরিক ও ছয় সৈন্য রয়েছেন বলে সোমবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটির মালিকের স্ত্রী ও দুই সৈন্যকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর তাদের মৃত্যু হয়। দুর্যোগ মোকাবিলা বাহিনীর দুইটি দল সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে বলে জানায় পুলিশ। তৃতীয় দলটিও উদ্ধার অভিযানে নেমে গেছে। ভবনটির নীচ তলায় একটি রেস্তোরাঁ ও ওপরে ছোটো একটি গেস্ট হাউজ ছিল। সেনাবাহিনীর প্রায় ৩০ জন সদস্য ও তাদের পরিবার উত্তরাখান্ড যাওয়ার পথে ওই রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে নেমেছিল বলে এক জেলা কর্মকর্তা জানান।

ওই সময় প্রবল বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালুতে দাঁড়িয়ে থাকা ভবনটি ধসে পড়ে। বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু হওয়ার পরও কয়েক ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত ছিল। ঘটনার পর অবহেলার অভিযোগ এনে ভবন মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকাপড়া লোকজনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে এক টুইটে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি বলেন, ভবন ধসের কারণ অনুসন্ধানে নির্দেশ দেওয়া হয়েছে। যতদূর জানা গেছে, ভবনটি নিয়ম অনুযায়ী তৈরি করা হয়নি।