কারিগরি ত্রুটি :ভারতের চন্দ্রযান-২ উেক্ষপণ স্থগিত

g বিবিসি

শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে গেল ভারতের চন্দ্রযান-২-এর উেক্ষপণ। কারিগরি ক্রটির কারণে প্রায় এক ঘণ্টা আগে এর উেক্ষপণ স্থগিত করা হয়। ভারতের মহাকাশ সংস্থা ইসরো এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোররাত ২টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান-২-এর উেক্ষপণের কথা ছিল। কিন্তু হঠাত্ সমস্যা ধরা পড়ায় তা স্থগিত হয়ে যায়। শিগগিরই উেক্ষপণের নতুন একটি তারিখ নির্ধারণ করার কথা রয়েছে। যাত্রা শুরুর নির্ধারিত সময়ের ২০ ঘণ্টা আগে রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিট থেকে এ অভিযানের কাউন্টডাউন শুরু হয়েছিল। তিন দশমিক আট টন ভারী মহাকাশযানটিকে বহন করে কক্ষপথে নিয়ে যেতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তাদের সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি এমকে থ্রি ব্যবহার করার প্রস্তুতি নিয়েছিল। ৬৪০ টন ওজনের, ১৫তলা সমান উচ্চতার এ রকেটের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী’। এ রকেটটিতেই ত্রুটি ধরা পড়ে। রকেট থেকে জ্বালানি লিক করছে বলে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন।

এ মহাকাশ অভিযান সফল হলে ভারত হবে চন্দ্রজয়ী চতুর্থ দেশ। এখন পর্যন্ত কেবল রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন), যুক্তরাষ্ট্র ও চীন সংক্ষিপ্ত এ তালিকায় নিজেদের নাম লিখিয়েছে।  চাঁদের যে অংশে চন্দ্রযান-২-এর নামার কথা এর আগে সেখানে কোনো দেশের কোনো মহাকাশযান নামেনি। ২০০৮ সালে ভারত প্রথম চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠিয়েছিল। সেবার চাঁদের কক্ষপথে যাওয়া চন্দ্রযান-১ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে থাকা হাইড্রক্সিল আয়নের হদিস পেয়েছিল। দ্বিতীয় অভিযানের উদ্দেশ্য, চন্দ্রপৃষ্ঠের বালিকণায় থাকা খনিজ ও মৌল পদার্থ সম্পর্কে জানা। চন্দ্রযান-২-এর অরবিটার, ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, এ কারণে এ মহাকাশ যাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক কম পড়ছে।