তালেবানের হুমকিতে আফগান রেডিও স্টেশন বন্ধ ঘোষণা

আফগানিস্তানে ‘তালেবান হুমকির’ মুখে একটি বেসরকারি রেডিও স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানকার কর্মকর্তাদের অভিযোগ, রেডিওতে নারী উপস্থাপিকা থাকায় তালেবানের এক কমান্ডার ধারাবাহিক হুমকি দিয়ে আসছিলেন। তবে তালেবানের একজন মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেছেন, তালেবানের পরিচয় ব্যবহার করে অন্যরা হুমকি দিতে পারে। দীর্ঘ আফগান যুদ্ধের অবসান এবং দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কাতারে আলোচনার মধ্যেই এই ঘটনা ঘটল।

২০১৩ সাল থেকে সামা নামের ঐ রেডিও স্টেশনটি রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও বিনোদন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। তাদের ১৩ জন কর্মীর মধ্যে তিনজন নারী উপস্থাপক রয়েছেন। মূলত তাদের নিয়েই অভিযোগ তালেবানের।