সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে কেরানীগঞ্জে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব ইসলাম বলেন, গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘুষ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধানে মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ জুলাই আদালতে আবেদন জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক শেখ মো. ফানাফিল্যা। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস ১৫ জুলাই জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ৯ জুন মিজান ঘুষ লেনদেনের অডিও প্রকাশ করে দাবি করেন, দুর্নীতির মামলা থেকে বাঁচতে দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন। এ ঘটনা অনুসন্ধানে গঠিত তিন সদস্যের কমিটির প্রধান হলেন দুদক পরিচালক ফানাফিল্যা।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর পরিচালক মনজুর মোর্শেদ বাদী হয়ে গত ২৪ জুন মিজান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলা (মামলা নম্বর-১) দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন : মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগনে পুলিশের এসআই মাহমুদুল হাসান ও ছোটো ভাই মাহবুবুর রহমান। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকা অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার ৪২১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।