কক্সবাজারের কলাতলী থেকে দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলীর কাটা পাহাড় এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ৪০০ পিস ইয়াবা এবং ছয় পিস গুলির খোসাও উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন জানান, সকালে কলাতলীর কাটাপাহাড় এলাকায় দুই জনের মরদেহ পড়ে রয়েছে এমন খবর পেয়ে এসআই আরিফ উল্লাহকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ইয়াবা, অস্ত্র ও মুঠোফোনসহ গুলিবিদ্ধ দুটি মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। 

ওসি আরো জানান, এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সঙ্গে পাওয়া দুটি মুঠোফোনে যোগাযোগ করে তাদের বাড়ি ঢাকা বলে জানা গেলেও তারা কোন এলাকার বাসিন্দা তা এখনো বলা যাচ্ছে না। তবে স্বজনরা ঢাকা থেকে রওনা দিয়েছেন, তারা এসে লাশ শনাক্তের পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

ওসির মতে নিহতরা মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী হতে পারে। মাদক বিক্রির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের গোলাগুলিতে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গুলির চিহ্ন রয়েছে।