চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না রাখার ঝাঁজ রাজশাহীর ওপর মেটালেন লিটন

ব্যাটে রান নেই অনেকদিন। বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। সেই বাদ পড়ার ঝাঁজই কী মেটালেন রাজশাহীর বোলারদের ওপর? বলছি লিটন দাসের কথা। ৮ চার আর ৭ ছক্কায় মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেছেন। টানা হারতে থাকা দলকেও এনে দিয়েছেন বিশাল সংগ্রহ।

আজ দুপুরেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দলে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটার লিটন দাসের। কারণ হিসেবে দেখা হচ্ছে তার সাম্প্রতিক পারফরম্যান্স। 

জাতীয় দলে জায়গা হারানোর দিনই ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। দিলেন পারফরম্যান্স নিয়ে ওঠা প্রশ্নের জবাব। হোক না এটা টি–টোয়েন্টি ম্যাচ, হোক না বিপিএল—তারপরও পুরোনো সেই লিটন জেগে উঠলেন সিলেটের মাঠে। করলেন স্বীকৃত টি–টোয়েন্টিতেই প্রথম সেঞ্চুরি।

বিপিএলে আজকে সন্ধ্যার ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। শুধু লিটন নয়, সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। শেষ ওভারে আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ১০৮ রান। ততক্ষনে ঢাকার স্কোরবোর্ডে উঠে যায় ২৪১ রান। যা বিপিএলের ওপেনিং জুটিতে রেকর্ড।

এই রান করতে তামিম খেলেছেন ৬৪ বল। ৬টি চারের পাশাপাশি মেরেছেন ৮টি ছক্কা। তামিম আউট হলেও শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন লিটন। এতে ছিল ১০ টি চার আর ৯টি ছক্কার মার। আর ঢাকার টোটাল সংগ্রহ দাঁড়ায় ২৫৪ তে। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।