সাড়ে ৭ কোটি টাকা আত্মসাত্

পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

সরকারের প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে করা চার্জশিটে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে ঐ চার্জশিটে অনুমোদন দেয় দুদক। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। উল্লেখ্য, ২০১৬ সালের ৯ ডিসেম্বর খুলনার খালিশপুর (কেএমপি) থানায় এ মামলাটি দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ।

দুদক সূত্র জানায়, অনুমোদিত চার্জশিটে সাবেক মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ছাড়া অপর দুইজন হলেন খালিশপুর জুট মিলস্ লি. এর ব্যবস্থাপক (উত্পাদন) মো. লিয়াকত হোসেন ও প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লি. এর  ব্যবস্থাপক শঙ্কর চন্দ্র ভুঁইয়া।

অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, ২০১২ সালের ৩ মে থেকে ২০১৫ সালের ২৯ মের  মধ্যে আসামিগণ পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার ও অন্যকে লাভবান করার অসত্ উদ্দেশে প্রতারণার আশ্রয় নিয়ে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্লাটিনাম জুবিলী জুট মিলস্ এর ওয়েস্টেজ রোল স্তূপাকারে জমা করে। পরে ঐ রোলের ওজন ইচ্ছাকৃতভাবে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়ে এবং এর সুযোগ নিয়ে সরকার অনুমোদিত ঘাটতির চেয়ে মোট ১ হাজার ১১৬ পয়েন্ট ৯১ মেট্রিক টন বেশি প্রসেস ঘাটতি দেখায়। এ ঘাটতি দেখিয়ে তারা সরকারের মোট ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা আত্মসাত্ করে। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারার অপরাধ হওয়ায় এ চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।