ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। সদ্য ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। দল থেকে বাদ পড়ার দিনেই বিপিএলে সেঞ্চুরি হাঁকান লিটন। আর সেঞ্চুরি হাঁকানোর পরের দিনেই সুখবর পেলেন এই টাইগার ব্যাটার।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লিটন। সিলভার ক্যাটাগরি থেকে বাংলাদেশের এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। বিপিএলে হাঁকানো সেঞ্চুরি লিটনকে দল পেতে সাহায্য করেছেন।
পিসিএলের এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
আর ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরাও দল পাননি। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।