সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এরশাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে ড. ইউনূস বলেন, গরিব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তাঁর (এরশাদ) কাছে পেশ করি। অর্থমন্ত্রীর জোরালো সমর্থনে তিনি ওই প্রস্তাব গ্রহণ করেন। আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন। প্রেসিডেন্ট এরশাদ এই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না। প্রেসিডেন্ট এরশাদ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন করে দিয়েছেন এবং সেটিকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সেই আইন সংশোধন করে দিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।