বনানীর এফআর টাওয়ার নকশা জালিয়াতির মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন রাজউকের সাবেক চেয়ারম্যানসহ তিন কর্মকর্তা। ঐ জামিন আবেদনের ওপর শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য রেখেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।
এফআর টাওয়ার নির্মাণে ১৮ তলার স্থলে অবৈধভাবে ২৩ তলা নির্মাণের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান রাজউকের সাবেক চেয়ারম্যান কে এ এম হারুন, ইমারত নির্মাণ পরিদর্শক মো. আরঙ্গজেব সিদ্দিকী ও ইমারত নির্মাণ পরিদর্শক মো. নজরুল ইসলাম। আদালতে আসামি পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন, দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।