অধ্যাপক ফারুককে হুমকির প্রতিবাদে ৬৬ শিক্ষকের বিবৃতি

দুধের নমুনায় অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর উপাদান নিয়ে গবেষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুককে হুমকি-ধমকি ও অন্যায়ভাবে চাপ প্রয়োগের প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৬ জন শিক্ষক। গতকাল সোমবার এক সংবাদ বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের ‘সদ্য সাবেক’ পরিচালক অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণা কার্যক্রমকে ঘিরে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং অন্যায়ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। অধ্যাপক ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক।”

বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারি একটি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অনুদানের সাহায্যে অধ্যাপক ফারুক বিভিন্ন কোম্পানির বাজারজাতকৃত দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়ার দাবি করেছেন। জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক এই ঘটনা প্রচারে আসামাত্রই সংশ্লিষ্ট কোম্পানি ও সরকারি আমলাদের কেউ কেউ অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় অধ্যাপক ফারুককে আক্রমণ ও চাপ প্রয়োগ করছেন বলে সংবাদমাধ্যমসহ বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। এরইমধ্যে ফার্মেসি অনুষদভুক্ত চারটি বিভাগের চেয়ারম্যান এই গবেষণার দায়ভার থেকে নিজেদের মুক্ত করতে সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন। এই অবস্থায় অধ্যাপক ফারুকের মতো আমরাও বিপন্ন বোধ করছি।’