ফেনীর নুসরাত হত্যা মামলা

অ্যাম্বুলেন্স চালকসহ ৩ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬, ১৭ ও ১৮তম সাক্ষীর সাক্ষ্য রেকর্ড ও আসামি পক্ষের জেরা গতকাল সোমবার শেষ হয়েছে। 

বেলা ১১টার সময় ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক আদালতে নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬তম সাক্ষী অ্যাম্বুলেন্স চালক নুরুল করিম, মাদ্রাসার শিক্ষক ১৭তম সাক্ষী মাওলানা মোহাম্মদ হোসাইন ও ১৮তম সাক্ষী মোহাম্মদ ইয়াছিনের জবানবন্দি রেকর্ড করা হয়। এ সময় ১৬ আসামির পক্ষে ১৬ আইনজীবী বিকাল ৫টা পর্যন্ত একটানা সাক্ষীদের জেরা করেন। জেরা শেষে আদালত ১৬ জুলাই মঙ্গলবার নিহত নুসরাতের সহপাঠী তানজিলা বেগম, জাহেদা ওরফে তামান্না এবং মো. নুরুল ফারুকীর সাক্ষী এবং জেরার দিন ধার্য করে দিনের বিচারিক কার্যক্রম মুলতবি ঘোষণা করে। সাক্ষ্য চলাকালীন ১৬ জন আসামির সকলেই আদালতে উপস্থিত ছিলেন।