ষড়যন্ত্র ও হয়রানির বিচার চান ব্যবসায়ীর স্ত্রী

একটি চক্রের বিরুদ্ধে প্রয়াত ব্যবসায়ীর সম্পত্তি আত্মসাৎ, মিথ্যা মামলা ও পরিবারকে হয়রানির অভিযোগ এনে বিচার চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়ে সহযোগিতা চেয়েছেন তিনি। 

এ সময় জান্নাতুল জানান, তার স্বামী হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালে স্ট্রোকের কারণে হাসান আহমেদ অসুস্থ হয়ে পড়েন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। জান্নাতুলের অভিযোগ, সেই সময় হাসান আহমেদের সহকর্মী বিদ্যুৎ ঘোষ এবং ভাই কবির আহমেদ ভুক্তভোগীর সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্র শুরু করেন। 

ভুক্তভোগী আরও জানান, ২০২২ সালের ২৪ জানুয়ারি হাসান আহমেদ মারা যান। এরপর বিদ্যুৎ ঘোষ, কবির আহমেদ এবং তাদের সহযোগীরা জান্নাতুল ফেরদৌসের নামে মামলা করেন, যা পরে পল্টন থানার পুলিশ মিথ্যা প্রমাণ করে। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ৩ জুলাই ২০২৪ তারিখে তিনি বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে মতিঝিল থানায় প্রতারণা ও জালিয়াতির মামলা করেন। ওই মামলায় বিদ্যুৎ ঘোষকে আটক করা হয়, পরে জামিনে মুক্তি পেয়ে সম্পত্তি ফেরতের প্রতিশ্রুতি দেন, যা এখনও বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, ছোট সন্তানরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে তার পরিবার ষড়যন্ত্র, মিথ্যা মামলা এবং হয়রানিতে ধ্বংস হয়ে যাচ্ছে।