প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা

 ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল সোমবার ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় গাজীপুর, সাভার, মানিকগঞ্জসহ রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

গাজীপুর প্রতিনিধি জানান, প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ মনজুরুল হক, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সদস্য দিলরুবা ফাইজিয়া, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সমাজে সেবা কার্যালয়ের উপ পরিচালক এসএম আনোয়ারুল করিম, ফয়জুন্নেছা লাভলী প্রমুখ। পরে কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২১২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার, সাভার জানান, দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সাভার উপজেলা সমাজসেবা কার্যালয় এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

গতকাল সকালে সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’—এই শ্লোগানকে ধারণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী দিবসে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আমজাদুল হক।

এছাড়া সিআরপি’র পক্ষ থেকেও বর্ণাঢ্য শোভাযাত্রা, দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়, আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় শোভাযাত্রা। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয় হুইল চেয়ার। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। প্রতিবন্ধী সংগঠন এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলীর পরিচালনায় আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রোজিনা খাতুন। আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিবন্ধী সংগঠন এমডিপিওডি’র চেয়ারম্যান আব্দুস সাত্তার, বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, সুইড বাংলাদেশ পরিচালিত মানিকগঞ্জের প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শারমীন সুলতানা লুনা প্রমুখ।

প্রধান অতিথি এস এম ফেরদৌস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করছে।

আলোচনা শেষে জেলার বিভিন্ন উপজেলার ১২২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করে মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। পরে প্রতিবন্ধী সংগঠনের সদস্য ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।