যে কারণে বিপিএলকে ‘লজ্জাজনক’ বললেন সুজন

এবারের বিপিএলকে বলা হচ্ছিল আগের সব আসরের চেয়ে ব্যতিক্রম। তবে হয়নি তেমনটি, যদিও মাঠের খেলায় খানিকটা স্বস্তি ছিল, তবে বাইরে আলোচনা, সমালোচনা, বিতর্কের কমতি ছিল না। বিপিএলের শুরু থেকেই ছিল টিকিট নিয়ে বিশৃঙ্খলা। সম্প্রতি পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বাতিল করে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এই বিষয়টি ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। 

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ক্যাপিটালসের কোচ। টিকিটকেন্দ্রিক বিশৃঙ্খলা নিয়ে সুজন বলেন, ‘যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ। টিকিট নিয়ে সংকট, মানুষের চেঁচামেচি; বাংলাদেশের মানুষ কয়জন অনলাইন থেকে টিকিট কিনতে পারে? রিকশাওয়ালা কি অনলাইনে টিকিট কাটতে পারবে, সে খেলা দেখবে না? আমরা তো এখনও ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাইনি। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি বন্ধ করতে গিয়ে এটা করবেন তো সেই কালোবাজারি বন্ধ করতে পারলেন?’

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘বিপিএলে ছয় ম্যাচ হওয়ার পর একটা দল বলছে তারা (খেলোয়াড়) আর খেলবে না। কারণ তারা প্রাপ্য টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলেই লজ্জাজনক। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না?’ 

সুজন আরও বলেন, ‘আমার কথা হচ্ছে বিসিবির বিপিএল গভর্নমেন্ট বডির কাজটা কী তাহলে? একটা টিম করতে মিনিমাম ৮ কোটি টাকা লাগবে। আমার কাছে ৮ কোটি টাকা না থাকলে আমি বিপিএলের টিম কিনবো কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে, মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি তো স্পন্সর পেতেও পারেন, না-ও পেতে পারেন।’