ইবিতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতির (ইবিসাস) এ সেমিনারের আয়োজন করে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ড. হোসাইন আল মামুন। 

সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করছে। আগের চেয়ে দেশের পরিস্থিতি বর্তমানে অনেকটা স্থিতিশীল পর্যায়ে আছে। অর্থনৈতিক রিকোভারি হয়েছে। জাস্টিস অ্যান্ড একাউন্টিবিলিটি নিশ্চিতে গুম, খুন, গণহত্যার বিচারের কাজ করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আইনি প্রসেসে আমরা শেখ হাসিনাকে দেশে এনে বিচার করবো। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের যা করার রাষ্ট্র সংস্কারে তাই করছে। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছে। স্বৈরাচারের দীর্ঘ সময়ের সীমাহীন গুম, খুন, টাকা পাচার, অন্যায়, দুর্নীতি স্বল্প সময়ে পরিবর্তন করা সম্ভব না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ আলোচক হিসেবে ছিলেন ইবি সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কর্মরত এস এম রাশিদুল ইসলাম।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি ও ইবির ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ইকবাল হোছাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখার ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ইউসুব আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রমুখ।