রূপগঞ্জে টিস্যু মিলের ছাদ ধসে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার পারটেক্স টিস্যু মিলে নির্মাণ কাজ চলাকালে ছাদ ধসে মনজুরুল ইসলাম (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহত মনজুরুল ইসলাম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোমিনপুর এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নির্মাণ শ্রমিকরা জানান, সোমবার সকালে ভবনের একটি অংশে প্রায় ৪০ জন নির্মাণ শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বেলা ১১টার দিকে চা-নাস্তার বিরতি হলেও কিছুসংখ্যক শ্রমিক তখনও ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাত্ করে বাঁশের খুঁটি নড়ে গিয়ে ছাদ ধসে পড়ে। এ সময় পুরো মিল এলাকায় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মিল কর্তৃপক্ষসহ অন্য শ্রমিকদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শ্রমিক মনজুরুল ইসলামকে। আহত শ্রমিক নাজমুল, বিকাশ, বাবলু দাস, পরেশ দাস, প্রবাংশ, বিশ্বজিত্ দাস, তপন, মিন্টু দাস, মোস্তফা, গনেন্দ্র দাস, নুর ইসলাম ও জাহাঙ্গীরকে উদ্ধার করে তাদের স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা  হয়।

পারটেক্স টিস্যু মিলের জিএম ফরহাদ বলেন, আমাদের এ প্রতিষ্ঠানে সতর্ক ও নিয়মনীতি মেনে সকল কাজকর্ম করা হয়ে থাকে। তারপরও এমন দুঃখজনক ঘটনাটি ঘটেছে। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, নির্মাণ ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে।