হাতিরঝিলে প্রবাসীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা

রাজধানীর হাতিরঝিলের বাগিচার টেক এলাকায় আমেরিকা প্রবাসী মাসুদ আলমকে স্থানীয় সন্ত্রাসীদের মারধর ও নিজস্ব প্লট ছেড়ে চলে যাওয়ার হুমকির বিষয়ে অবশেষে পুলিশ মামলা নিয়েছে। গত বুধবার দৈনিক ইত্তেফাকে ‘নিয়ন্ত্রনহীন দখল-চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বুধবার রাতে হাতিরঝিল থানা পুলিশ মামলা গ্রহণ করে।

মামলায় প্রবাসী মাসুদ আলম উল্লেখ করেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ নাগরিক। যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তার জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে হাতিরঝিল থানাধীন বাগিচার টেক এলাকার ১৯/সি একটি প্লট ক্রয় করে ভোগ দখল করে আসছেন। গত ১ জানুয়ারি হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার সাইফুল, বিল্লাল, রাকিবুল, মহিউদ্দিনসহ ২০/২৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার জমি দখল করার জন্য তাকে মারধর করে জমি ছেড়ে দিতে হুমকি দেয়। সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি মারধর ও জখম করে। দায়ের করা মামলায় আসামীর তালিকায় চার জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, এই ঘটনায় আমরা মামলা নিয়েছি। আসামিদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।