আপন ঘরে পরবাসী চিটাগাং কিংস 

বিপিএলে ঢাকা ও সিলেট পর্বে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছিল চিটাগাং কিংস। এরপর জয় দিয়ে শুরু করেছিল চট্টগ্রাম পর্ব। তবে ঘরের মাঠে টানা দ্বিতীয় হারের তেঁতো স্বাদ পেয়েছে চিটাগাং। রংপুর রাইডার্সের পর ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে চিটাগাং।

রোববার (১৯ জানুয়ারি) টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করে তারা। তবে এরপরই হয় ছন্দ পতন।

দলীয় ৩৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগাং। উসমান খান ১৯, গ্রাহাম ক্লার্ক ৮, পারভেজ ইমন ১, হায়দার আলি ১ ও শামীম পাটোয়ারী ৫ রান করেন আউট হন।

অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির ব্যাটে ভর করে সম্মানজনক পুঁজি পায় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চিটাগাং। মিথুন ৩৫ ও আরাফাত সানি ২৭ রান করেন। বরিশালের পক্ষে রিপন মন্ডল ও ফাহিম আশরাফ নেন ৩টি করে উইকেট। 

১২২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়ে বরিশাল। ৩২ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দেয় চিটাগাং। তামিম ৮, তাওহিদ হৃদয় ১ ও মুশফিকুর রহিম ১১ রান করে ফিরে যান।

তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন দাউদ মালান। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। মালানের ফিফটির সঙ্গে মোহাম্মদ নবির ব্যাটে ভর করে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বরিশাল। মালান ৪১ বলে ৫৬ ও নবি ২১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।