বিস্ফোরিত হলো আইফোন ৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ক্যালিফোর্নিয়ায় ১১ বছর বয়সি এক কিশোরীর আইফোন ৬ পুড়ে গেছে। এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে তার বিছানায় থাকা একটি কম্বল পুড়ে যায়।

সংবাদমাধ্যম নাইনটুফাইভ ম্যাককে ওই কিশোরী জানায়, সে ফোন হাতে নিয়ে বসে ছিল। হঠাত্ ফোনটি থেকে অগ্নস্ফুিলিঙ্গ বের হয়। সঙ্গে সঙ্গেই তা কম্বলের ওপর ছুড়ে মারে সে। এতে কম্বল পুড়ে তাতে ছিদ্র হয়ে যায়। পুড়ে যাওয়ার পর ফোনটির বডি থেকে ডিসপ্লে আলাদা হয়ে যায়।

সে আরও জানায়, বেশির ভাগ সময় ইউটিউব দেখতেই আইফোনটি ব্যবহার করা হতো। ওই কিশোরীর মা মারিয়া আদাতা জানান, অ্যাপল সাপোর্ট কর্তৃপক্ষকে ঘটনাটি ফোনে বলার পর তারা বিস্ফোরিত ডিভাইসটির ছবি পাঠাতে বলেছে। একই সঙ্গে ডিভাইসটি কাছের কোনো রিটেইল শপে জমা দেওয়ার পরামর্শ দিয়েছে। কেন বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখবে বলেও জানিয়েছে অ্যাপল সাপোর্ট কর্তৃপক্ষ।

মারিয়া আরও জানান, এই দুর্ঘটনায় তার মেয়ের শরীরেও আগুন লাগতে পারত। মেয়ে আহত হয়নি বলে তিনি স্বস্তিতে আছেন। তার ধারণা, অতিরিক্ত চার্জ দেওয়ার ফলেই আইফোনটি বিস্ফোরিত হয়েছে। আইফোন নির্মাতাদের মতে, নানাভাবেই আইফোনে আগুন লাগতে পারে। ফোনের জন্য নির্ধারিত চার্জারের বদলে অন্য চার্জার ব্যবহার করলে বিস্ফোরণের আশঙ্কা থাকে।

এর আগেই আইফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওহিওতে এক ব্যক্তির পকেটে থাকা অবস্থায় আইফোন ১০এস ম্যাক্স বিস্ফোরিত হয়।