যমুনার ভাঙনে ভূঞাপুরে বিলীন হচ্ছে ঘরবাড়ি

হুমকিতে স্কুল মসজিদ মন্দির

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গত দুই সপ্তাহ ধরে যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ইতিমধ্যে ভূঞাপুরের অসংখ্য ঘরবা?ড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন হুমকিতে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ কয়েক শতাধিক ঘরবাড়ি। সরেজমিনে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ি ও ভালকুটিয়া এলাকায় এমন চিত্র দেখা গেছে।

উপজেলার কষ্টাপাড়া গ্রামের সবুর আলী জানান, যমুনা নদীতে দুই সপ্তাহ ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে। স্থানীয় এমপিসহ সরকারি কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই।

উপজেলার খানুরবাড়ি গ্রামের ঈমান বেপারী জানান, উপজেলার কষ্টাপাড়া, ভালকুটিয়া ও খানুরবাড়ি গ্রামের প্রায় দেড় কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন শুরু হলেও শুধু ৭৫ মিটার এলাকায় নিম্নমানের জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে ভাঙন রোধে কোনো কাজেই আসেনি।

স্থানীয়রা কষ্টাপাড়া, ভালকুটিয়া ও খানুরবাড়ি গ্রাম রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে তিনটি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে কমপক্ষে ৫০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা দরকার। কিন্তু বড়ো কোনো প্রকল্প অনুমোদন হয় না। ঐ ৭৫ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। আরো ৭৫ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। অনুমোদন হলে কাজ শুরু করা হবে।