টেকনাফে ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

টেকনাফে ইয়াবাসহ এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস দূরপাল্লার যানবাহন তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবাসহ মো. এনামুল হক নামে এই বিজিবি সদস্যকে আটক করা হয়।

জানা যায়, গত রবিবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস দূরপাল্লার যানবাহন তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবাসহ মো. এনামুল হককে আটক করে। সে ব্যাটালিয়ন সদরে কর্মরত ছিল। সে ঢাকা দক্ষিণ কাফরুলের মৃত হামিদুল হকের পুত্র।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, যানবাহন তল্লাশি করে পুলিশ ইয়াবাসহ টেকনাফ ২ বিজিবিতে কর্মরত এক সদস্যকে আটক করে।

এদিকে সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের মধ্যেও সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ইয়াবাসহ আটক হওয়ায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অপর এক অভিযানে টেকনাফে পাচারকালে ইয়াবা ও অটোরিকশাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। জানা যায়, রবিবার সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক মো. ছাবির উদ্দিন হোয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে মো. করিম উল্লাহ এবং এনামুল হককে আটক করে। তাদের কাছ থেকে ৩৩ লাখ ৩৪ হাজার ৫ শ টাকা মূল্যের ৯ হাজার ৭শ ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।