সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়নে চিকসা, জামালগড়, টাকাটুকিয়া, গাজীপুর, সূর্যরেগাঁও ও মধ্যতাহিরপুর গ্রামে এসব বিতরণ করা হয়। এ সকল গ্রামে ত্রাণসামগ্রী বিতরণের পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন— সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইমতিয়াজ প্রমুখ। উল্লেখ্য, ২০০ পরিবারের মধ্যে শুকনো খাবার ও জিআরের চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, চিড়া, ডাল, মুড়ি, বিস্কুট, নুডলস, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়েছে।
বিশ্বম্ভরপুরে ত্রাণ বিতরণ
বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নে ভাতেরটেক, চালবন্দসহ কয়েকটি গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়নে ৭৭০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তাজ্জুদ আলী খান প্রমুখ। উল্লেখ্য, ৭৭০ পরিবারের মধ্যে দশ কেজি করে চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ, ৫০০ গ্রাম নুডলস দেওয়া হয়।
জগন্নাথপুরে ত্রান বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, মঙ্গলবার উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া, পাঠকুড়া, কালাম্ভরপুর, শুক্লাম্ভরপুর গ্রামসহ ৮/১০টি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ইউএনও ভারপ্রাপ্ত ইয়াসির আরাফাত। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, মো. আব্দুল হাই উপস্থিত ছিলেন।