শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুরে সোমবার রাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আন্জুয়ারা বেগম (৩৫)।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার সোনাতনী ইউনিয়নের পাঁচবাঙ্গালা গ্রামের দিনমজুর ইসহাক মোল্লার স্ত্রী আন্জুয়ারা বেগম তিন ছেলেমেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিল। গত ১০ জুলাই তিনি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। এতে অবস্থা আশঙ্কাজনক হলে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবনতি হলে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন থাকার পর আরো অবনতি হলে রবিবার সকালে তাকে বাড়িতে নিয়ে আসে এবং পরদিন তার মৃত্যু হয়। খবর পেয়ে এস আই গোলজার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।