রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াত নেতা গোলাম রাব্বানীর মনোনয়নপত্র দ্রুত গ্রহণ করতে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এ ছাড়া মনোনয়নপত্র গ্রহণ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আবেদনের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও শিশির মনির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, গত ২৮ নভেম্বর দুপুরে মনোনয়নপত্র দাখিল করতে তার আইনজীবী বায়েজিদ ওসমানি রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি বিভিন্ন বিষয় নিয়ে তাকে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে প্রতিকার চেয়ে শনিবার নির্বাচন কমিশনে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় হাইকোর্টে রিট করেন।