মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মালিক-শ্রমিকদের দাবি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরের সকল রুটে পাঁচ দিন বাস চলাচল বন্ধ থাকার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাসমালিক সমিতির ও শ্রমিক নেতাদের যৌথসভা থেকে শ্রমিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকে সব রুটে আগের নিয়মে বাস চলাচল শুরু হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, সহ-সভাপতি মোজাম্মেল হক, শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
সভায় আগামী এক মাসের মধ্যে শ্রমিকদের দাবি অনুযায়ী রুটগুলোতে দিনে একট্রিপ বাস চালানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে—এমন প্রতিশ্রুতিতে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।
উল্লেখ্য, মেহেরপুরের সব রুটে প্রতিটি বাস দুইবার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবিতে শ্রমিকরা গত বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করেন।