লালমোহনে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলা লালমোহনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ধলী রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া বাজারের গরুর হাটসংলগ্ন নিজ বাসায় মারা যান তিনি। নিহত ধলী রানী স্থানীয় হরি কর্মকারের স্ত্রী।

লালমোহন থানার এস আই মাহবুব আলম জানান, নিহত ধলী রানীর ঘরের ওপর দিয়ে তার দেবর জীবন কৃষ্ণ খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ নেয়। সোমবার রাতে বিদ্যুতের তার ছিঁড়ে ধলী রানীর ঘরের টিনের চালে পড়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। সকালে ধলী রানী টিনের বেড়া ধরে ঘরের দরজা খুলতে গেলে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান।