আগৈলঝাড়ার গোডাউন সড়ক বেহাল

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় উপজেলা সদর বাজারের গোডাউন রোডের বেহাল দশার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষার সময় সড়কটিতে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা ও বাজার ব্যবসায়ীরা জানান, ভাঙাচোরা আর কাদা পানিতে ডুবে থাকার কারণে উপজেলা সদর বাজারের মধ্যদিয়ে সরকারি গোডাউন পর্যন্ত সড়ক দিয়ে মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না। যানবাহন চলাচলের তো প্রশ্নই ওঠে না। অথচ এই সড়ক দিয়ে উপজেলা সদরের দক্ষিণ এলাকার সাধারণ লোকজন, ভেগাই হালদার পাবলিক একাডেমি ও শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

সড়কের পাশে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে পানি। ব্যবসায়ীরা অভিযোগে বলেন, সড়কটি দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকে গোডাউনের মালামাল আনা-নেওয়ার কারণেই বিধ্বস্ত হচ্ছে। উপজেলা সদর বাজারের সড়কটি সংস্কার বা উন্নয়ন কাজ করছে না এলজিইডি বিভাগ।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রাজ কুমার গাইন বলেন, বাজারের ঐ সড়কটি সংস্কারের জন্য ৫০ লাখ টাকার এস্টিমেটসহ ‘বাজার উন্নয়ন প্রকল্পে’ দেয়া হয়েছে। প্রকল্পের বরাদ্দ সাপেক্ষে সড়ক উন্নয়ন কাজ করা হবে।