ভারত সরকারের বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এই সম্মাননা দিয়ে থাকে ভারত সরকার।
শনিবার (২৫ জানুয়ারি) পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। ক্রীড়াবিদদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার অশ্বিন, ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান ও প্রথম প্যারালিম্পিকে সোনাজয়ী আর্চার হারভিন্দর সিং। এ ছাড়া ভারত হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
৩৮ বছর বয়সী অশ্বিন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে তিন সংস্করণে মোট ২৮৭ ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার।
এর আগে ক্রিকেটারদের মধ্যে পদ্মশ্রী পেয়েছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গুরুচরণ সিং, জহির খান, গৌতম গম্ভীর, বিরাট কোহলিরা।
১৯৯৯ সালে পদ্মশ্রীর পর টেন্ডুলকার অবশ্য ২০০৮ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসমারিক সম্মাননা পদ্মবিভূষণও পান। ধোনি ২০০৯ সালে পদ্মশ্রী পান। তিনি ২০১৮ সালে পান পদ্মভূষণ।