অনুমোদনহীন বোতলজাত পানি সরবরাহ বন্ধে হাইকোর্টের নির্দেশ

অনুমোদনহীন বোতলজাত পানি সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড  টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বিএসটিআইকে বলা হয়েছে।

গত ২২ মে ‘প্রতারণার নাম বোতলজাত পানি’ শিরোনামে একটি প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন আইনজীবী শাম্মী আক্তার। আবেদনের পক্ষে আইনজীবী জেআর খান রবিন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে। রুলে বোতলজাত ও জারে বিশুদ্ধ পানি সরবরাহে কেন নির্দেশ দেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে খাদ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।