সাভারে ফুট ওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

সাভারে কলেজে যাওয়ার পথে ফুটওভার ব্রিজের সঙ্গে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক উজ্জামান (১৭)  নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা—আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের সামনের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

নিহত তারেক উজ্জামান আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে। তিনি সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক উজ্জামান কলেজে যাওয়ার পথে ফুটওভার ব্রিজের নিচে ঝুলন্ত তারে আগুন দেখতে পান। পরে পথচারীদের নিরাপত্তার স্বার্থে দগ্ধ তার লক্ষ্য করে বালু ছুঁড়ে নেভানোর চেষ্টা করলে এক পর্যায়ে ছেঁড়া তারটি তার দিকেই ছুটে আসে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে 
মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুটওভার ব্রিজে ভাসমান দোকানিদের রাখা ছেঁড়া তারে বিদ্যুৎয়িত হয়ে তার মৃত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।