সমুদ্র সৈকতে ডিম পাড়তে এসে ৭০ মা কাছিমের মৃত্যু 

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সমুদ্র সৈকতে  প্রজনন মৌসুমে সাগর থেকে ডিম পাড়তে এসে ৭০টি কাছিমের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট সাইন্টিফিক অফিসার মো. শিমুল ভূইয়া এ তথ্য জানান। 

ধারণা করা হচ্ছে প্রজনন মৌসুমে যেহেতু মা কাছিম ডিম পাড়তে সাগর থেকে সমুদ্র সৈকতে আসার সময় দুর্বল থাকে, তাই কুকুরের আক্রমণে সহজেই কাছিমের মৃত্যু হতে পারে।  তাছাড়া সাগরে জেলেদের জালে আটকা পরে বা বোটের ধাক্কায় মারা যেতে পারে।  তবে  সঠিক কারণ নির্ভুলভাবে জানার জন্য আরও গবেষণার প্রয়োজন।

সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপকূলীয় সমুদ্র সৈকতে গত  ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি পর্যন্ত ৭০ টি মৃত কাছিম উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বালিচাপা দেওয়া হয়।
তার মধ্যে ২৪ জানুয়ারি টেকনাফ  উপকূলে সাবরাং থেকে ১২ টি, ২৫ জানুয়ারি উখিয়ার সোনাপাড়া থেকে ৫০ টি এবং হিমছড়িতে ৩ টি  মৃত কাছিম উদ্ধার করা হয়েছে। সবশেষ ২৬ জানুয়ারি সোনারপাড়া বীচে আরও ৫ টি মৃত কাছিম উদ্ধার করা হয়। যার মধ্যে পুরুষ ও স্ত্রী কাছিম শনাক্ত করা হয় 

মো. শিমুল ভূইয়া বলেন, মৃত কাছিমের অধিকাংশ মা কাছিম যারা ডিম পাড়তে সৈকতে এসেছিল। কাছিমগুলোভ মৃত্যু ৫ দিন থেকে ১ মাস বা তার বেশি সময় আগে হয়ে থাকতে পারে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মৃত কাছিমগুলো গর্ত খুঁড়ে বালিচাপা দেওয়া হয়েছে।